‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হয়েছে জমকালো এক প্রীতি নারী ফুটবল ম্যাচ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে অনুষ্ঠিত এই মেগা ফাইটে মুখোমুখি হয় বরিশাল ও রাজবাড়ী জেলা প্রমিলা ফুটবল দল। আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে আয়োজিত এই ম্যাচটিকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাঠের লড়াইয়ে দুই দলই চমৎকার নৈপুণ্য দেখায়। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে মীমাংসিত হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে রাজবাড়ীকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশাল জেলা দল। খেলা শেষে বিজয়ী দলের কোচ ও ক্যাপ্টেন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
এর আগে ম্যাচের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সভাপতি (কৃষকদল) মোঃ রোস্তম মোল্লা, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস ও সাবেক সভাপতি (যুবদল) মোঃ ফরিদ দেওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজক কমিটির অন্যতম সদস্য ও সংগঠনের উপজেলা সভাপতি মোঃ এরশাদ মন্ডল বলেন, "গোয়ালন্দে প্রমিলা ফুটবলার নেই বললেই চলে। এই ম্যাচের মূল উদ্দেশ্য হলো, দুই দলের খেলা দেখে অনুপ্রাণিত হয়ে যেন স্থানীয় মেয়েরাও নিয়মিত মাঠে আসে এবং খেলাধুলায় উৎসাহ পায়।