সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রামে বিদ্যুতের তার থেকে লাগা আগুনে তিনটি পরিবারের বসতভিটা, ধান-চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবগ্রাম গ্রামের সুকেশ দেব, বাবুল দেব ও কৃষ্ণ দেবের তিনটি বসতঘর পাশাপাশি ছিল। দুপুরে সুকেশ দেবের ঘরের বিদ্যুতের তার থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই লেলিহান শিখা পাশের আরও দুটি ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই তিনটি পরিবারের ঘর, আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল, কম্পিউটার, ল্যাপটপ ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফজল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এখন খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে। সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।

পোস্টটি শেয়ার করুনঃ