রামগড়ে জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

সনাতনী ধর্মাবলম্বীদের পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন (শুভ জন্মাষ্টমী )উদযাপন উপলক্ষ্যে পূজা আর্চনাসহ বর্ণাঢ্য শোভাযাত্রা,চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযেগীতা,ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ির রামগড়ে।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যেগে শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর )সকাল ৮ টায় উপজেলার প্রধান মন্দির শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে রামগড় পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ ঘুরে কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়। এসময় খাগড়াছড়ি আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন,পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন এবং শোভাযাত্রায় অংশ নেন।পরে সনাতন ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ স্নেহাশীষ মহাজন, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ তাপস চৌধুরী ,স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাঃ শুভ্রা দেবনাথ।এছাড়াও মন্দির প্রাঙ্গনে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।রামগড় কেন্দ্রীয় মন্দিরের প্রধান পুরোহিত মৃদুল চক্রবর্তী জানান, শোভাযাত্রা শেষে সকাল ৯ টা থেকে অখন্ড গীতা পাঠ, রাত আটটায় ধর্মীয় সংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১১টায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হবে।দক্ষিণেশ্বরে কালীবাড়ি মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ বাদল চক্রবর্তী জানান,কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাথে সমন্বয় রেখে রামগড় উপজেলায় জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানমালা পাশাপাশি কিছু সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করেছে সনাতন ছাত্র ও যুব পরিষদ রামগড় উপজেলা শাখা।কর্মসূচির মধ্যে ছিল র্যালী , ফ্রি মেডিকেল ক্যাম্প, ছাত্র-ছাত্রীদের কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা। সনাতন ছাত্র যুব পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক ত্রিদিপ ত্রিপুরা জানান ,পূজা উদযাপন কমিটির ব্যাবস্থাপনায় দেশের স্বনাসধন্য ডাক্তারবৃন্দ জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
রামগড় উপজেলা সনাতন ছাত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক লিংকন চৌধুরী জানান ,সনাতনী ছাত্র-ছাত্রীদের সামাজিক ও সেবামূলক কাজে উৎসাহ দিতেই আমাদের এ আয়োজন।
পরে কুইজ ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের সকল পর্বে বিপুলসংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়।
