নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

দেশের অর্থনীতি ও উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য হলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকারই তাদের ভাগ্য উন্নয়নে আন্তরিক ভূমিকা রাখেনি। রাষ্ট্র, সরকার বা জনপ্রতিনিধি সবাই নিজেদের আখের গোছালেও যাদের ঘামে দেশ চলে, সেই মেহনতি শ্রমিক সমাজ চিরকালই অবহেলিত থেকে গেছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং সার্বিক কল্যাণের স্বার্থে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে আজ দেশের মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখা আয়োজিত ‘দায়িত্বশীল সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এসব কথা বলেন।
কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন,”যাঁদের অক্লান্ত পরিশ্রমে দেশের চাকা সচল থাকে, যাঁদের কারণে সমাজ ও রাষ্ট্রের সবার ভাগ্যের পরিবর্তন হয়, অত্যন্ত পরিতাপের বিষয় সেই শ্রমিকদের নিজের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আজ পর্যন্ত কোনো নেতা, এমপি বা মন্ত্রীকে শ্রমিকদের প্রকৃত অধিকার ও কল্যাণ নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে দেখা যায়নি। এই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতেই আজ আমরা সমবেত হয়েছি। শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই ঐক্যবদ্ধ সংগ্রাম চলবে।”
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার জেলা সভাপতি আকিদুল ইসলামের সভাপতিত্বে এবং সঞ্চালক হাফেজ মিরাজুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক আখতারুজ্জামান,জেলা নায়েবে আমীর (জামায়াতে ইসলামী) জাকির হোসেন বিশ্বাস,সহকারী অঞ্চল পরিচালক (শ্রমিক কল্যাণ ফেডারেশন) অধ্যাপক মাওলানা মশিউর রহমান,অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি, নড়াইল জজ কোর্ট) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা যেকোনো স্বাধীন রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। নেতৃবৃন্দ শ্রমিকদের সকল প্রকার শোষণ, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্মেলনে জেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক দায়িত্বশীল, শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই সম্মেলনের মাধ্যমে নড়াইল জেলায় মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান ও সুসংগঠিত হবে।
